বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার তিন মাসের জন্য অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকটির শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণে রাখার অভিযোগে আদালত এই আদেশ দেন।
গত ৩০শে আগস্ট বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. লুৎফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট পিটিশনের শুনানি শেষে এই আদেশ ও রুল জারি করেন। ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা শেয়ারহোল্ডার ‘ইসলামিক ইকনোমিক রিসার্চ ব্যুরো’ (আইইআরবি) এই রিট দায়ের করেছিল। আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত একইসঙ্গে রুল জারি করেছেন যে, ২৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ারের এই একক আধিপত্য রোধে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। এছাড়া ব্যাংক কোম্পানি আইনের ১৪ক(৩) ধারা অনুযায়ী, উদ্বৃত্ত শেয়ার বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
রিট পিটিশনে উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো একক পরিবার বা গ্রুপ কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার রাখতে পারে না। অথচ এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটির ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার এককভাবে নিয়ন্ত্রণ করছে। রিটকারী আইনজীবী জানান, আইনে নির্ধারিত সীমার অতিরিক্ত শেয়ার বাজেয়াপ্ত করার স্পষ্ট বিধান রয়েছে এবং আদালতের এই অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে ওই শেয়ারগুলো তিন মাসের জন্য অবরুদ্ধ রাখা হয়েছে।





