প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বিরোধী দল বর্তমানে কেবল বিভিন্ন কর্মসূচি পালন নিয়ে ব্যস্ত থাকলেও সরকারকে কোনো কার্যকর পরামর্শ দিচ্ছে না। শুক্রবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা কর্মসূচি পালন করতে পারেন, কিন্তু সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত। তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ টেনে বলেন, আপনারা লংমার্চের মতো কর্মসূচি দিচ্ছেন, ঠিক আছে; কিন্তু আপনারা এই সমস্যার একটি বিকল্প সমাধান বা পরিকল্পনা দিন। আপনারা পার্লামেন্টে আছেন, সেখানেও আপনারা আপনাদের পরামর্শ বা পরিকল্পনা তুলে ধরতে পারেন। কিন্তু বিরোধী দলের কাছ থেকে সংকট নিরসনের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমরা শুনছি না, শুধু কর্মসূচির কথাই শুনছি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এখন আর গুম, গুপ্তহত্যা বা বিচারবহির্ভূত হত্যার যুগ নেই। গণতন্ত্রে বিরোধী দলের কর্মসূচি থাকা স্বাভাবিক এবং পার্লামেন্টে বা বাইরে কথা বলার অধিকার সবার আছে। তবে তিনি সতর্ক করে বলেন, অতীতের সংস্কৃতির পুনরাবৃত্তি করলে অন্ধকারই ঘনিয়ে আসবে।
বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান ঘাটতির কারণ ব্যাখ্যা করে রিজভী বলেন, এটি সরকারের সৃষ্ট কোনো সংকট নয়, বরং বিশ্ব পরিস্থিতির প্রভাব। আমেরিকা-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে, যার ফলে বাংলাদেশ প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছে না। এর প্রভাবে বিদ্যুৎকেন্দ্র ও কলকারখানা চালানো এবং বাসাবাড়িতে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। তিনি বলেন, এই সংকট সমাধানে সরকার কী করতে পারে, সে বিষয়ে বিরোধী দলের যৌক্তিক সমালোচনা ও পরামর্শ থাকা প্রয়োজন। কেবল একটি পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।





