স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে আরও সময়ের প্রয়োজন রয়েছে। তবে তিনি বর্তমান পরিস্থিতির সামগ্রিক চিত্রে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য কোনো উপদেষ্টা কী বলেছেন সেই তথ্য আমার সামনে নেই। আমি কথা বলব ডাটাভিত্তিক, প্রমাণভিত্তিক এবং আমাদের পুলিশের রেকর্ডভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করে। সেই ডাটা আপনারা যাচাই করতে পারবেন।
তিনি আরও বলেন, কোনো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্রে যদি বিভ্রান্তি বা ভুল থাকে, তবে আপনারা তা নিয়ে কথা বলতে পারবেন। আমরা এ বিষয়ে স্বচ্ছ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমরা প্রতিটি জেলা থেকে মাসিকভাবে ডাটা নিয়ে আসি এবং তা নিয়মিত মনিটর করা হয়। এরপর সারা দেশের তথ্য সংকলন করে প্রতিবেদন দেওয়া হয়। আপনারা পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে তা দেখতে পারেন এবং জেলা পর্যায় থেকে আসা তথ্যে কোনো মিসইনফরমেশন আছে কি না, তা যাচাই করতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।





