প্রাথমিক বৃত্তির ফল আগে প্রকাশের ঘটনায় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ:

অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর আংশিক ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বুধবার (৮ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রস্তুত করা হয়। এই ফলাফল ওয়েবসাইটের লিংকে যুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যে, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে কোনোভাবেই যেন ফলাফল লাইভ সার্ভার বা ওয়েব পোর্টালে আপলোড করা না হয়।

তবে অভিযোগ উঠেছে, এই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করে দেওয়া হয়। লিংকগুলো সচল হওয়ার পরপরই অভিভাবক ও সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করতে শুরু করেন এবং তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অথচ মন্ত্রণালয় থেকে ওইদিন ফল প্রকাশের কোনো ঘোষণা ছিল না; আগামী রোববার ফলাফল প্রকাশের কথা রয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত ওই কর্মকর্তা লাইভ সার্ভারে ফলাফল আপলোডের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেননি। এই নিরাপত্তা ত্রুটির কারণেই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই সাধারণ মানুষের নাগালে চলে আসে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর স্বাক্ষর করা একটি চিঠিতে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন