র‍্যাব বিলুপ্তির প্রস্তাবকে সমর্থন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের

প্রকাশ:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ সমর্থন ব্যক্ত করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠন করলে র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি উল্লেখ করেন, নতুন কোনো এলিট ফোর্স বা বিশেষায়িত বাহিনী গঠনের প্রয়োজনীয়তা থাকতে পারে, তবে তা করার আগে আরও আলোচনা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, 'এলিট ফোর্সের রিপ্লেসমেন্ট হিসেবে অথবা নতুন করে যেটাই হোক, এটা গঠনের প্রয়োজনীয়তা থাকতে পারে। তবে, এর আগে আরও আলোচনা ও পর্যালোচনা প্রয়োজন।'

নতুন বাহিনী যেন কোনোভাবেই দমন-পীড়নের হাতিয়ার না হয়ে ওঠে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, নতুন বাহিনী যেন মানুষের ব্যক্তিগত মর্যাদা রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়, রিপ্রেশনের উদ্দেশ্যে নয়। তিনি আরও বলেন, 'উনারাও আরেকটু চিন্তা করুন, আমরাও একটু চিন্তা করি, আর একটু হোমওয়ার্ক করি।'

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়ে শফিকুর রহমান বলেন, সাইবার স্পেসে সরকারি দল, বিরোধী দল ও সাধারণ মানুষ—সবাই অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের শিকার হচ্ছে। তাই একটি সাইবার সিকিউরিটি ফোর্স গঠনের প্রয়োজনীয়তা থাকতে পারে এবং এমন ভালো উদ্যোগ নিলে তারা অবশ্যই সমর্থন দেবেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, নতুন বাহিনী গঠন করলে জনগণের মনে যেন এমন ধারণা তৈরি না হয় যে কেবল মোড়ক পরিবর্তন করে পুরনো প্রতিষ্ঠান ফিরিয়ে আনা হয়েছে। নতুন ব্যবস্থার ধারণা যে সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। সবশেষে তিনি বলেন, 'আমি এটার পক্ষে, কিন্তু সবাই মিলে আমরা করি, কনভিন্স হয়ে করি, আরও একটু হোমওয়ার্ক করে করি।'

শেয়ার করুন