তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি ও সিইওদের চুক্তি বাতিল করল অর্থ মন্ত্রণালয়

প্রকাশ:

দেশের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব আফরোজা আক্তার রিবা। এতে জানানো হয় যে, সরকার এই তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সম্মতি দিয়েছে এবং সুপারিশ করেছে।

বর্তমানে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মধ্যে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) এমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খান রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, ব্যাংক কোম্পানি আইন এবং স্ব স্ব পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলামের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম গ্রহণের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ এখন তাদের আইন ও চুক্তিপত্র অনুযায়ী নিয়োগ বাতিলের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে।

শেয়ার করুন