সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল। তিনি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে মাজারের তিনটি ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স বসানোর মতো পদক্ষেপ গ্রহণের পরপরই তাকে প্রত্যাহারের সিদ্ধান্তটি নানা মহলে আলোচনার জন্ম দেয়।
সারওয়ার আলমকে প্রত্যাহারের এক সপ্তাহ পর গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। তবে নিয়োগ পাওয়ার ১১ দিন পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ জুলাই রেজা হাসান সিলেটে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে শেষ মুহূর্তে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তিনি ফিরে আসেন বলে জানা গেছে, যদিও মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, স্থানীয় এক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির আপত্তির কারণেই রেজা হাসানকে সিলেটে যোগ দিতে দেওয়া হয়নি। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। রেজা হাসানকে সরিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়া হলেও, রেজা হাসানকে অন্য কোনো পদে পদায়নের বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।





