এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

প্রকাশ:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন যে, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বুধবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনশো ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রিজভী বলেন, মহেশখালীর গ্যাসের টার্মিনালে যে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, তা ইতোমধ্যে ঠিক করা হয়েছে। সেখানে গ্যাস পুনর্ভরণের কাজ চলছে। তিনি আশা ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই গ্যাসের স্বাভাবিক সরবরাহ সচল হবে এবং গ্যাস সংকটের নিরসন ঘটবে। এর ফলে বর্তমানে রান্নার কাজে যে সংকট চলছে এবং মিল-কল-কারখানায় জ্বালানির যে অভাব রয়েছে, তা দূর হবে এবং এটি সরকারের একটি কমিটমেন্ট।

গ্যাস সংকটকে আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সংকটটি বর্তমান সরকারের কোনো ত্রুটির কারণে নয়। তিনি জানান, বর্তমানে আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটছে। রিজভীর ভাষ্য অনুযায়ী, সরকার হাত গুটিয়ে বসে নেই। জনগণের দুর্ভোগ কমাতে সরকার জ্বালানি ও এলএনজি কেনার জন্য বাজেটের বাইরে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সংকট মোকাবিলায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সাথে সরকার উদ্যোগী ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এবং মহানগর উত্তরের নেতা মোস্তফা জামান প্রমুখ। এর আগে রিজভী নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

শেয়ার করুন