ঝালকাঠির কাঁঠালিয়ায় নিজের জমিতে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মো: দেলোয়ার হোসেন খান (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দেলোয়ার দক্ষিণ চেঁচরী গ্রামের মো: হারুন খানের ছেলে। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে দেলোয়ার নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বাড়িতে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো: শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অত্যন্ত পরিশ্রমী দেলোয়ার মাঠে কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়েন। কাঁঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র পাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।





