যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেট গঠন করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এই অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক ইতিমধ্যে ৪ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছে। দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এই টিমটি দায়িত্ব পালন করবে।
তালিকায় থাকা অন্য অভিযুক্তরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগের তালিকায় ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের মতো গুরুতর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ভুক্তভোগীরা তার বিরুদ্ধে চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন।
সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার বিষয়টিও অনুসন্ধানের আওতায় রয়েছে।





