৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ নির্বাচন কমিশনের

প্রকাশ:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির জন্য কমিশন একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সব উপজেলা বা থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠিতে এই সময়সূচি জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। এছাড়া দাখিল করা আবেদনগুলো ইস্যুকরণের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই সময়সূচি অনুযায়ী আবেদনগুলো নিষ্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী নভেম্বর মাস থেকে প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কার্যক্রম চালাচ্ছে ইসি। এই কার্যক্রমের অংশ হিসেবে গত সোমবার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

শেয়ার করুন