২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর আগামী ১৬ নভেম্বর থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার মূল সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই পরিবর্তনের কথা জানান। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে।





