লিবিয়ার আটককেন্দ্র থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

প্রকাশ:

লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৭ মিনিটে তাদের বহনকারী বুরাক এয়ারের ফ্লাইটটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে।

এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে সম্পন্ন হয়েছে। বিমানবন্দরে ফেরত আসা নাগরিকদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ফেরা এই ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকের অভিযোগ, লিবিয়ায় অবস্থানকালে বিভিন্ন সময় তারা অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

ফেরত আসা ব্যক্তিদের যাতায়াত খরচ, খাদ্য, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী সাময়িক বাসস্থানের সম্পূর্ণ ব্যবস্থা করেছে আইওএম। এদিকে, অবৈধ অভিবাসন ও মানবপাচারের ভয়াবহ ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই ব্যক্তিদের তাদের তিক্ত অভিজ্ঞতার কথা অন্যদের জানানোর আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ১৮ আগস্ট আইওএমের সহায়তায় লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। তার দুই সপ্তাহ পর আবারও সমসংখ্যক বাংলাদেশি নাগরিক দেশে ফিরলেন।

শেয়ার করুন