নোবিপ্রবি ও সাকারিয়া ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানীর সাথে তুরস্কের সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নোবিপ্রবি ভিসির কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাতে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানান। তিনি বলেন, ইরাসমাস প্লাস মোবিলিটি কর্মসূচির আওতায় এই সফর উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক ও পেশাগত জ্ঞান আদান-প্রদানকে আরও সহজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞান অর্জন ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভিসি আরও বলেন, এই মোবিলিটি কর্মসূচি উভয় প্রতিষ্ঠানের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান সিদ্দিকী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: শিবলুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তুরস্কের সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলমান হিজাল, ছাত্র পরামর্শ বিভাগের প্রধান জনাব হাসান তুর্ক এবং সহকারী অধ্যাপক ড. এ এফ এম শোয়াইব আখতার। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলের সদস্যরা নোবিপ্রবিতে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। মোবিলিটি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় নোবিপ্রবির পক্ষ থেকে তাদের সনদ প্রদান করা হয়।

শেয়ার করুন