বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ট্রাম্পের ধন্যবাদ

প্রকাশ:

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার হোয়াইট হাউজের প্যাডে পাঠানো ওই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, বোয়িং কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের কথা তিনি ভুলবেন না এবং তার দৃঢ় বিশ্বাস, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। নানা প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠির শেষে ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

এর আগে গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, নতুন চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বোয়িং কেনাকাটা নিয়ে এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি ‘অভূতপূর্ব চুক্তি’ সম্পন্ন হয়েছে। সার্জিও গরের এই ঘোষণার একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে এই চিঠি দিলেন।

শেয়ার করুন