গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় দুই দিনে মোট ১৪৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞাকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার সকাল থেকে কারখানার শ্রমিকরা হঠাৎ অসুস্থ হতে শুরু করেন। সেদিন ৭৭ জন শ্রমিক অসুস্থ হয়ে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে চিকিৎসা নেন। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসা শেষে তারা সবাই বাড়ি ফিরে যান। পরদিন বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর একইভাবে আরও ৭৭ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরও চিকিৎসা দেওয়া হয়। দুই দিনে মোট ১৪৭ জন শ্রমিক অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন।
কারখানার কর্মকর্তা সঞ্জিব কুমার জানান, শ্রমিকরা কী কারণে অসুস্থ হচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি। অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, এটি ‘মাসহিস্টিরিয়া’ হতে পারে বলে তাদের ধারণা। তিনি বলেন, একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লেও সাধারণ চিকিৎসায় তারা সুস্থ হয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে শ্রমিকদের কাউন্সেলিং করা এবং কারখানার ভেতরে তাদের কর্মক্ষেত্রের স্থান পরিবর্তন করে দেখার পরামর্শ দেন তিনি। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি তাদের কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।





