বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী সমাধি প্রাঙ্গণে উপস্থিত হয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তারা ফাতেহা পাঠ করেন এবং জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান এবং পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী তুলে নেয়ার পর সমাধিস্থল দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। তারা বিভিন্ন মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান দলের হাল ধরেন। বর্তমানে দলটি দুই দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে এবং সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।





