স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইউসুফ হাসান আলিফ নামে ২৫ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ওই ভবনের নিচের গ্যারেজে আগুন লাগলে ভেতরে আটকা পড়েন তিনি। দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে বাইরে নিয়ে এলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কমিউনিটি ও নিহতের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ইউসুফ হাসান আলিফের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকায়। তাঁর বাবার নাম আব্দুল মতালিব। গত বছর জীবিকার সন্ধানে স্পেনে পাড়ি জমান আলিফ। সম্প্রতি তিনি নিয়মিতকরণের প্রক্রিয়ায় আবেদন করেছিলেন এবং মৃত্যুর মাত্র তিন দিন আগে তাঁর কাজের অনুমতিপত্র আসে। নতুন কর্মজীবন শুরু করার ঠিক আগ মুহূর্তে এই মর্মান্তিক ঘটনা ঘটল।
ঘটনার দিন সন্ধ্যায় ওই গ্যারেজে আগুন লাগে। গ্যারেজটির ভেতরে স্টোররুমের পাশাপাশি বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল, যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ায় গ্যারেজের পরিবেশ ভয়াবহ হয়ে ওঠে। Emergencias Madrid-এর তথ্যমতে, রাত ৮টার কিছু আগে খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গ্যারেজের জটিল কাঠামোর কারণে উদ্ধার অভিযান চালানো ছিল বেশ চ্যালেঞ্জিং। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করে আলিফকে উদ্ধার করেন। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, ধোঁয়াজনিত বিষক্রিয়া এবং শ্বাসনালিতে পোড়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে।





