সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাজের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সীমান্ত হত্যা, চোরাচালান, মাদকপাচার এবং পুশ-ইন বন্ধে বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। প্রেসিডেন্টের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাতকালে বিজিবি মহাপরিচালক প্রেসিডেন্টকে দায়িত্বভার গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। এসময় তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের যে উদ্যোগ বিজিবি নিয়েছে, তা প্রেসিডেন্টকে অবহিত করেন।
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি’র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি সীমান্ত সুরক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে বিজিবিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাতের সময় প্রেসিডেন্টের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





