জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ:

ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর অভিযানের প্রতিক্রিয়ায় জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, রোববার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

আইআরজিসির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের কিং হোসেন ও আল-আজরাক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এই হামলাকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে উল্লেখ করে বাহিনীটি দাবি করেছে যে, এতে শত্রুপক্ষের প্রযুক্তিগত অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

এর আগে রোববার হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের লারাক দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। সিএনএনের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতির সময় মার্কিন বাহিনী দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার লক্ষ্য করে ওই হামলা চালায়। এক মাসেরও বেশি সময়ের মধ্যে ইরানে এটি ছিল প্রথম মার্কিন হামলা।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার কোনো চেষ্টাই সফল হবে না। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি হামলার বিপরীতে আরও বেশি বিধ্বংসী জবাব দেওয়া হবে এবং আগ্রাসন চালিয়ে শত্রুদের হতাশা দূর করা সম্ভব নয়। লারাক দ্বীপে হামলায় সেনা ও বেসামরিক লোকজন হতাহত হওয়ার ঘটনায় ইরান আগেই জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল।

শেয়ার করুন