অন্তর্বর্তী সরকার মতপ্রকাশের ক্ষেত্রে অত্যন্ত উদার এবং ভবিষ্যতেও এই অবস্থান অটল থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। রোববার সন্ধ্যায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল।
জাহেদ উর রহমান বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার বা অপতথ্য ছড়ানো হলেও তা নিয়ে সরকারের বিশেষ কোনো মাথাব্যথা নেই। তিনি মনে করেন, একটি গণতান্ত্রিক সরকারের কাজ হলো মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। তিনি বলেন, 'সরকারকে পাত্তা দেওয়ার দরকার নেই—আই লাইক ইট। আমি এটাই বলতে চাইছি যে সরকার মতপ্রকাশের ব্যাপারে আসলে খুব উদার আছে এবং ভবিষ্যতেও উদার থাকবে। মতপ্রকাশ বন্ধ করে দিয়ে কোনো গণতান্ত্রিক সরকারের কোনো লাভ নেই।'
তথ্য উপদেষ্টা আরও জানান, গত ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি বড় ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে, যার মধ্যে ১৫৭টি ছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এমনকি মন্ত্রী ও উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচারের তালিকাতেও তার নাম ওপরের দিকে রয়েছে।
প্রধানমন্ত্রী এবং সম্পাদকদের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে সংঘাতে গিয়ে সরকারের কোনো লাভ নেই বলে প্রধানমন্ত্রী নিজেই মত প্রকাশ করেছেন। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হলে স্বৈরাচারী সরকারের উত্থান ঘটে বলেও তিনি সতর্ক করেন। সাংবাদিক আবদুস সালামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রয়োজনে সাংবাদিকতার মাধ্যমে অ্যাক্টিভিজম করা সম্ভব এবং সাংবাদিকতায় অ্যাক্টিভিজমের মাধ্যমে নোবেল পুরস্কার পাওয়ারও নজির রয়েছে।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আবদুল হাই সিদ্দিক এবং সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম।





