গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি

প্রকাশ:

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি জানিয়েছে, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার সময় এই তথ্য জানানো হয়।

কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে মব তৈরির প্রচেষ্টা থাকলেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি। একই সঙ্গে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ থেকেও বিরত ছিল।

বৈঠকে মিরাজ শেখের অপহরণের ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর চেষ্টার বিষয়টিও আলোচিত হয়। কমিটির সদস্যরা এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ থেকে বিরত থাকার পক্ষে মত প্রকাশ করেন।

এছাড়া সভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিলটি পরীক্ষাপূর্বক রিপোর্ট দেওয়ার পর তা সংসদে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে এ ধরনের গুরুত্বপূর্ণ বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে কমিটি।

তবে বৈঠকের একপর্যায়ে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। ওয়াকআউটের বিষয়ে সভাপতি জয়নুল আবেদীন বলেন, সদস্যদের কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় তুলে ধরার, পরামর্শ দেওয়ার এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে, যা তাদের দায়িত্ব। তিনি আরও বলেন, সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির অংশ নয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন