ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানসের বিপক্ষে খেলা নিয়ে দুশ্চিন্তায় সান্তোস

প্রকাশ:

চিরপ্রতিদ্বন্দ্বী করিন্থিয়ানসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচের আগে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক নেইমার জুনিয়র মৃদু ফ্লুর উপসর্গে আক্রান্ত হওয়ায় শুক্রবারের মূল অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় নিও কিমিকা অ্যারেনায় এই ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিটি রেই পেলে প্রশিক্ষণ কেন্দ্রে কোচ কুকার অধীনে দল যখন ম্যাচের শেষ মুহূর্তের কৌশলগত প্রস্তুতি নিচ্ছিল, তখন নেইমারের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সান্তোস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কার কারণ নেই। তবে অসুস্থতা যাতে আরও গুরুতর আকার ধারণ না করে, সেজন্য ক্লাবের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রামে রাখা হয়েছে।

চলতি মৌসুমে সান্তোসের আক্রমণভাগে নেইমারের পারফরম্যান্স অত্যন্ত প্রভাবশালী। তিনি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি ম্যাচে মাঠে নেমে ৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৮টি গোল করিয়েছেন। দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল ও অ্যাসিস্টে তার এই ধারাবাহিক অবদান ক্লাবটির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, ডার্বি ম্যাচের আগে নেইমার দলের অনুশীলনে ফিরবেন এবং মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবেন। তবে শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতির ওপরই নির্ভর করছে ম্যাচে তার অংশগ্রহণ।

শেয়ার করুন