ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন বগুড়ার প্রধান শিক্ষিকা

প্রকাশ:

বগুড়া থেকে চোখের চিকিৎসার জন্য ঢাকায় এসে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন রনজিলা পারভীন নামে এক প্রধান শিক্ষিকা। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৮ সালের জানুয়ারি মাসে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা রনজিলা পরবর্তীতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়েছিলেন।

নিহতের স্বামী আব্দুল মতিনের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টায় বগুড়া থেকে বাসে রওনা হয়ে শুক্রবার ভোরে তারা গাবতলী টার্মিনালে পৌঁছান। সেখান থেকে রিকশাযোগে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউটে যাচ্ছিলেন তারা। সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের শান্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী হঠাৎ রনজিলার হাতে থাকা ব্যাগটি টান দেয়।

নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম জানান, চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা ব্যাগে থাকায় রনজিলা তা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারীদের হেঁচকা টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি এবং রাস্তা রক্তে ভেসে যায়। পথচারীদের সহায়তায় তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রনজিলা পারভীন বগুড়া শহরের রহমাননগর এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে পরিবার, বিদ্যালয় এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সংসারে স্বামী আব্দুল মতিন ছাড়াও নবম শ্রেণিতে পড়ুয়া এক কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন