গুজব, অপপ্রচার ও বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাজধানীর শাহবাগে সংগঠনটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শাহবাগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল থেকে তারা গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিত এসব গুজব ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিক্ষোভ মিছিল থেকে ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। একইসঙ্গে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ছাত্রদলের নেতাকর্মীরা।





