বিপিএল বাতিল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসছেন ক্রিকেটাররা

প্রকাশ:

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দুই আসরের আর্থিক লোকসানসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে বোর্ড এবার তাড়াহুড়ো করে টুর্নামেন্টটি আয়োজন করতে চাইছে না। বরং সবকিছু নতুনভাবে গুছিয়ে ভবিষ্যতে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে তারা।

বোর্ডের এমন সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতির আশঙ্কায় রয়েছেন দেশের ক্রিকেটাররা। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল খেলোয়াড়দের জন্য বিপিএল না হওয়া বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ কারণে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাতে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা।

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের আগে নিজেদের মধ্যে আলোচনা করবেন ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, শুধু বিপিএল নয়, দেশের অন্যান্য ঘরোয়া লিগ নিয়েও তারা কথা বলবেন। বিশেষ করে সাম্প্রতিক ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও আলোচনা হবে।

মিঠুনের মতে, জাতীয় দলের বাইরে থাকা অধিকাংশ ক্রিকেটারের আয়ের বড় উৎস বিপিএল ও ডিপিএল। এরই মধ্যে চলতি বছরের ডিপিএলে অনেক ক্রিকেটারের পারিশ্রমিক কমেছে। তাই বিপিএল বাতিল হলে তাদের আর্থিক সংকট আরও বাড়তে পারে। এ কারণে বিপিএল আয়োজন না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা কমাতে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছে কোয়াব।

এর আগে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল চলতি বছর বিপিএল না হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, টুর্নামেন্টটিকে নতুনভাবে সাজিয়ে আরও গোছানো আয়োজনের মাধ্যমে ফিরিয়ে আনতে চান।

শেয়ার করুন