নেপাল-চীন সীমান্তে পাহাড় ধসে কৃত্রিম হ্রদ, বন্যার বড় ঝুঁকি

প্রকাশ:

চীন ও নেপাল সীমান্তবর্তী নদীর উচ্চপ্রবাহে বরফ এবং বড় বড় পাথর ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে নদীর স্বাভাবিক পথ পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে সেখানে একটি বিশাল কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। কাঠমান্ডুর চীনা দূতাবাস এ বিষয়ে সতর্কবার্তা জারি করে জানিয়েছে, হ্রদটিতে পানির পরিমাণ বর্তমানে অনেক বেড়ে গেছে এবং তা ওপর দিয়ে উপচে পড়া শুরু করেছে। বাঁধটি যেকোনো মুহূর্তে ভেঙে নিচে তীব্র বন্যা ছড়িয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে।

নেপালের ‘চ্ছোদেন খোলা’ ও ‘পুরেপু সাংপো’ নদীর সংযোগস্থলের কাছে পাহাড় ধসে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে নেপাল ও চীন উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাটিকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। উদ্ধারকাজ ও জরুরি অবস্থা মোকাবিলার ক্ষেত্রে এই মুহূর্তটিকে অত্যন্ত সংকটময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ভাটি অঞ্চলের সাধারণ মানুষকে সার্বক্ষণিক সতর্ক থাকতে এবং পানির স্তরের পরিবর্তনের দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। যদিও হ্রদে ঠিক কী পরিমাণ পানি জমা হয়েছে বা এটি ঠিক কখন ভেঙে পড়তে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে থেকেই নেপালের রসোয়াসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে জনজীবনে চরম দুর্ভোগ চলছে, যা এই নতুন ঝুঁকিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

চীনা দূতাবাস সাধারণ মানুষকে কোনো যাচাই না করা খবরে কান দিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা কেবল নির্ভরযোগ্য ও সরকারি তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ করেছে।

শেয়ার করুন