বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধের প্রেক্ষিতে আগামী বছরের শুরুতেই ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, সিরিজটি ২০২৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। বর্তমানে বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী বছরের শুরুর দিকে সিরিজটি আয়োজনের জন্য সময় চেয়েছে। বিসিসিআইয়ের সেই সূত্রের ভাষ্যমতে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে এবং সরকারের সঙ্গে আলোচনা এখনো চলমান। এর আগে ভারতের বাংলাদেশ সফর মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল, যা পরবর্তীতে পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল যে, ভারত সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলবে, যা ঢাকা ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল। তবে এই সফর নিয়ে বিসিসিআই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গিয়েছিল। বিশেষ করে আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জটিলতার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই বিশ্বকাপে বাংলাদেশ দাবি করেছিল যেন তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু আইসিসি তা না করে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করেছিল।
তবে বিসিবি সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে তামিম ইকবাল ভারত সফর করেন এবং বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করেন বলে জানা গেছে।





