সাভারের আশুলিয়ার বাইপাইলে একটি ভবনে অভিযান চালিয়ে অবৈধভাবে নকল কনডম ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্যাকেটজাত ও মজুতের কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বাইরে থেকে ‘দৈনিক অন্যায়ের চিত্র’ নামে একটি পত্রিকার সাইনবোর্ড ব্যবহার করছিল। এছাড়া সেখানে একটি সামাজিক সংগঠনের পরিচয়ও দেওয়া হয়েছিল। তবে অভিযানের সময় ভেতরে অনুমোদনহীন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী অবৈধভাবে প্যাকেটজাত ও মজুতের প্রমাণ পাওয়া যায়।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তিনি বলেন, এটি কোনো বৈধ প্রতিষ্ঠান নয়। এখানকার অধিকাংশ পণ্য পাশের দেশ থেকে অবৈধভাবে আনা হয়েছে, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এছাড়া পণ্যের গুণগত মান যাচাইয়ের সুযোগ না থাকায় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কা রয়েছে।
এর আগেও একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা এবং ভবনটি সিলগালা করা হয়েছিল। পরবর্তীতে বৈধ ব্যবসা পরিচালনার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও মালিকপক্ষ সেই শর্ত ভঙ্গ করে গোপনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
অভিযানে বিপুল পরিমাণ নকল কনডম, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক ও মূল অভিযুক্ত শাহাদত হোসেন শান্তুকে পাওয়া যায়নি। তারসহ জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।





