১৭টি ব্যাংকের সঙ্গে ৪১ হাজার কোটি টাকার প্রণোদনা চুক্তি সম্পন্ন

প্রকাশ:

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালু করা, বেসরকারি খাতে বিনিয়োগের পরিধি বাড়ানো এবং স্থবির হয়ে পড়া অর্থনীতিতে নতুন করে গতি সঞ্চারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। গত ২৩শে মে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার এই প্যাকেজের আওতায় ১৭টি ব্যাংকের সঙ্গে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে বলে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।

প্রণোদনা তহবিলের জন্য চুক্তিবদ্ধ ব্যাংকগুলোর তালিকায় রয়েছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট ৬০ হাজার কোটি টাকার প্যাকেজটির মধ্যে ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সংগ্রহ করা হচ্ছে। অবশিষ্ট ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে জোগান দেবে। এই প্যাকেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মূলত দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার জন্য। এই তহবিল থেকে বেসরকারি খাতের উদ্যোক্তারা গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

প্রণোদনা প্যাকেজ ঘোষণার সময় আয়োজিত ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান একে ‘উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার’ কর্মসূচি হিসেবে অভিহিত করেছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় উৎপাদনে ফিরলে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে অর্থনীতিতে ইতিবাচক গতির সঞ্চার হবে।

শেয়ার করুন