৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশ:

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসকসহ (ডিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে সাম্প্রতিক সময়ে দুই দফায় পুলিশ বাহিনীর অর্ধশতাধিক কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বর্তমান সরকার, যারা বিগত সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্ম সচিবদের মধ্যে রয়েছেন মাজেদুর রহমান খান, আবুল ফজল মীর, আসলাম হোসেন, মঈনউল ইসলাম, মোহাম্মদ দাউদুল ইসলাম, মো. শাহরিয়ার, কাজী আবু তাহের, এ জেড এম নুরুল হক, মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, অঞ্জন চন্দ্র পাল, এ কে এম মামুনুর রশিদ, কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল আহাদ, মো. জসিম উদ্দিন, সরোজ কুমার নাথ, মো. শহিদুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, এস এম অজিউর রহমান, মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, মতিউল ইসলাম চৌধুরী, নাজিয়া শিরিন, সুলতানা পারিভীন, আনার কলি মাহবুব, মোহাম্মদ হেলাল হোসেন, সৈয়দা ফারহানা কাইনাইন, সারওয়ার মুর্শেদ চৌধুরী, মাহমুদুল কবীর মুরাদ, আলী আকবর, এস এম আব্দুল কাদের, এস এম ফেরদৌস ও গোপাল চন্দ্র দাশ। এদের প্রায় সবাই ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী এসব কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে সরকার তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে মনে করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী, অবসরে পাঠানো এসব কর্মকর্তা নিয়মমাফিক অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। সরকারি চাকরিজীবীদের মধ্যে কারও বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার চাইলে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

শেয়ার করুন