সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো ছিল। রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত পরিচয় এই তিনজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।





