জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। পূর্বঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকার বাইরে সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে জামায়াতে ইসলামীর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এবি পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ জোটভুক্ত ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
কক্সবাজারে আয়োজিত সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের পর দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য বিএনপি দায়ী। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও বিজয়ের পর তারা গণরায় উপেক্ষা করেছে। তিনি অবিলম্বে আগামী সংসদ অধিবেশনে জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর করার দাবি জানান। অন্যথায় নতুন স্বাধীনতা রক্ষার প্রয়োজনে আবারও রক্ত দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এতে নাগরিক পার্টি ও খেলাফত মজলিসের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, গণভোটের রায় নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তিনি জুলাইয়ের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং দ্রুত জুলাই স্মৃতি জাদুঘর চালুর দাবি জানান। মাগুরার মিছিলটি ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
খুলনা নিউ মার্কেট এলাকার বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে ১১ দলীয় ঐক্য। এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। রংপুরে নগরীর জুলাই চত্বর থেকে শাপলা চত্বর পর্যন্ত গণমিছিল অনুষ্ঠিত হয়, যেখানে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালসহ নেতারা অংশ নেন। সাতক্ষীরায় আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
নীলফামারীতে বড় বাজার থেকে ডিসি মোড় পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। নওগাঁয় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও খুনিদের বিচারের দাবিতে মুক্তির মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া মুন্সীগঞ্জের রেড ক্রিসেন্ট মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত এবং বাগেরহাটের কচুয়ায় উপজেলা গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচুয়ার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।
তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ৩৬ জুলাইকে ধারণ ও স্মরণে রাখার জুলাই স্মৃতি জাদুঘর অতি দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ১১ দলীয় ঐক্য। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ





