১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানে হিমবাহ হ্রদ ধসে আকস্মিক বন্যা: সতর্কতা ভারত ও বাংলাদেশে

প্রকাশ:

ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলের গাসা জেলায় একটি হিমবাহ হ্রদ ধসে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিনতাফু হ্রদ ভেঙে অতিরিক্ত পানি উপচে পড়ায় মো ছু নদীর তীরবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্র গাসা ছাচুর সব স্থাপনা ভেসে যায়। স্থানীয় বাসিন্দাদের আগেভাগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত ভুটানের ১৭টি হিমবাহ হ্রদের অন্যতম হলো এই শিনতাফু হ্রদ। এর আগে ২০২১ সালের আগস্টেও একই অঞ্চলে আকস্মিক বন্যা হয়েছিল, যা মো ছু নদীর গতিপথ বদলে দিয়ে গাসা ছাচুকে প্লাবিত করে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, এবার বানের পানি পুনাখা জং থেকে প্রায় আট কিলোমিটার দূরবর্তী স্রিগাং এলাকা অতিক্রম করেছে।

উজান থেকে নেমে আসা এই ঢলের কারণে ভুটান সরকার প্রতিবেশী ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও আসামে আগাম সতর্কবার্তা পাঠিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এবং আসামের ধুবড়ি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া কোচবিহারে সংকোশ নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সাবধান থাকতে বলা হয়েছে।

সংকোশ নদীটি আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রে মিশেছে, যা পরবর্তীতে বাংলাদেশে যমুনা নদী হিসেবে প্রবেশ করেছে। ফলে উজানের এই অতিরিক্ত পানি বাংলাদেশে প্রবেশ করে নদ-নদীর পানি বাড়িয়ে দিতে পারে। তবে দেশে বড় কোনো বন্যার আশঙ্কা তৈরি হবে কি না, তা মূলত পানির প্রবাহ, বেগ ও মোট পরিমাণের ওপর নির্ভর করছে।

শেয়ার করুন