২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশ:

আজ সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সপ্তাহের প্রতিদিন এই সময়ে অধিবেশন চলবে এবং আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তা চলমান থাকবে। তবে প্রয়োজনে অধিবেশনের কার্যদিবস ও সময় পরিবর্তনের পূর্ণ ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে। অধ্যাদেশগুলো অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।

এর আগে রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল ছাড়াও পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন—এই তিনটি অধ্যাদেশ উপস্থাপনের কথা জানানো হয়েছে। গতকাল রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

অধিবেশনের কার্যতালিকা নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয় যে, প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

সংসদের পরিবেশ উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন, যা উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন। এছাড়া সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানিয়েছেন, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে আজ বিকেলে নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

সৌরবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে উপকমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, প্রকল্পটির মাধ্যমে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সংসদের নিজস্ব বিদ্যুতের চাহিদা ছয় মেগাওয়াট হওয়ায় উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা যাবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের সুবিধা নিশ্চিত করেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

বৈঠকে অন্যদের মধ্যে বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অংশ নেন। এ সময় ই-পার্লামেন্ট কার্যক্রম ও শূন্যপদে জনবল নিয়োগের অগ্রগতিও কমিটিকে অবহিত করা হয়।

শেয়ার করুন