২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এই আবেদন করেন। লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেন, আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে দ্রুত নতুন পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

শেখ হাসিনার এই পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর ও বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ বিষয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সাংবাদিকদের জানান, তিনি মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলতে এসেছেন এবং হাসিনার আবেদনের বিষয়ে তার কোনো বক্তব্য নেই। দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রের পক্ষ থেকেও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর এটিই তার পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তার এই দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং অনেক নেতা-কর্মী কারাবন্দি বা পলাতক অবস্থায় রয়েছেন। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার প্রত্যাবর্তনের চেষ্টা সেই সম্পর্কের সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে। তার প্রত্যাবর্তনের উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে গণমাধ্যমটি।

শেয়ার করুন