২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করে আটক সিজেপির দুই নেতা

প্রকাশ:

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রবেশের ওপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এর আগে গত রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ বা ধরনা আয়োজনের ওপর কড়াকড়ি আরোপ করে নতুন নির্দেশিকা জারি করে।

আটক হওয়ার আগে আশুতোষ রাঙ্কা তার এক্স হ্যান্ডলে ঘটনার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডে যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন। ভেতরে প্রবেশ করে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। তবে দ্রুতই সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং আটক করে থানায় নিয়ে যান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে দিল্লিতে বিক্ষোভ করতে হলে নির্দিষ্ট তিনটি স্থানের যেকোনো একটি বেছে নিতে হবে। স্থানগুলো হলো—পুরান দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারির মাঠ এবং পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি ময়দান। এই নির্দেশনার ফলে মধ্য দিল্লির যন্তর মন্তরের মতো এলাকায় আর কোনো বিক্ষোভ বা সমাবেশের অনুমতি থাকছে না বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে।

শেয়ার করুন