প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছেন। বেলা সোয়া ১০টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ শিক্ষক ও কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করা, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি করা এবং তরুণ প্রজন্মের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাগত বক্তব্য রাখেন এবং সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া, সফল স্টার্টআপ উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন, নির্বাচিত উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হবে এবং জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর। এর আগে গত ১২ মে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক জাতীয় কর্মশালায় অংশ নিয়েছিলেন।




