১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

প্রকাশ:

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানো হয়েছে। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই দুই রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। রবিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে সৌদি আরবে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট কার্যক্রম চলমান রয়েছে। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যা ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচির আপডেট যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন