শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর সকালে রাজধানীর পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার ও প্রিয়জনদের নিয়ে মণ্ডপে আসা মানুষ প্রতিমা দর্শন, প্রার্থনা এবং ঢাকের তালে উৎসবে মেতে উঠেছেন। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে প্রতিটি প্রান্তে।
এ বছর সপ্তমীর তিথি দুই দিনে পড়ায় মহাসপ্তমীর আচার অনেকে গতকালেই সম্পন্ন করেছেন। কৃষিবিদ ইনস্টিটিউশন মণ্ডপের পুরোহিত অবিনাশ চক্রবর্তী জানান, সেখানে সপ্তমীর পূজা শনিবার অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৬ বছর ধরে এই মণ্ডপের পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করছেন তিনি। তিনি বলেন, ‘মায়ের কাছে আমাদের চাওয়া, তিনি যেন পৃথিবীর সবাইকে সুস্থ ও নিরাপদে রাখেন। মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হোক।’
আজ মহাষ্টমীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সকাল সাড়ে নয়টায় রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিটের মধ্যে সম্পন্ন হবে সন্ধিপূজা। এর পরপরই সেখানে মহাপ্রসাদ বিতরণের আয়োজন রাখা হয়েছে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মণ্ডপে বিকেল থেকেই দর্শনার্থীদের ঢল নামে। কেউ ব্যক্তিগত গাড়ি, কেউ সিএনজিচালিত অটোরিকশা কিংবা রিকশায় চড়ে আসছেন মণ্ডপে। অনেকে আবার ফার্মগেট মেট্রোস্টেশনে নেমে হেঁটেই মণ্ডপে প্রবেশ করছেন। মণ্ডপে ঢুকে দর্শনার্থীরা প্রতিমার সামনে প্রণিপাত করছেন, আবার কেউবা পরিবারের সঙ্গে ছবি ও সেলফিতে স্মৃতি ধরে রাখছেন। সাউন্ড সিস্টেমে বাজানো পূজার গানের ছন্দে ছোট শিশুদেরও আনন্দ করতে দেখা গেছে।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঢাকের বাদ্যি আর আরতির রোশনাইয়ে উৎসবের আমেজ তুঙ্গে পৌঁছায়। দর্শনার্থীরা ঢাকের তালে নাচ ও আনন্দ প্রকাশ করছেন। ধামরাই থেকে সপরিবারে আসা দেবাদৃতা কর্মকার জানান, দুর্গা প্রতিমার সৌন্দর্য দেখে তার দারুণ ভালো লেগেছে। সব মিলিয়ে প্রার্থনা, প্রতিমা দর্শন আর অকৃত্রিম আনন্দ-উচ্ছ্বাসে রাজধানী এখন উৎসবমুখর।





