৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে এনসিপির কর্মসূচিতে বাধা ও হুমকির অভিযোগ

প্রকাশ:

ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় গত মঙ্গলবার সকাল ১১টার দিকে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধার ঘটনা ঘটেছে। দলটির অভিযোগ, শান্তিপূর্ণ এই কর্মসূচি চলাকালে স্থানীয় এক ব্যক্তি বাধা সৃষ্টি করেন এবং দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ সময় কর্মসূচিস্থলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপি পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিল। এসময় ওমর শেখ শান্ত নামে ছাত্রদলের পরিচয়দানকারী এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে কর্মসূচি বন্ধ করার চেষ্টা করেন। অভিযুক্ত ওমর শেখ শান্ত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং পৌর এলাকার বকুলের মোড়ের বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে। বিষয়টি নিয়ে তার তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনসিপির ঈশ্বরদী উপজেলা সদস্যসচিব সুলতান মাহমুদ বিদ্যুৎ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, দেশ ও জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। গণতান্ত্রিক পরিবেশে এ ধরণের বাধা ও হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত ওমর শেখ শান্তর রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে। ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের দাবি, শান্ত বিগত সরকারের আমলে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং সেই সময়ের অনেক ছবিও রয়েছে। বর্তমানে তিনি ঈশ্বরদীতে বিএনপির ভিন্ন একটি বলয়ের সঙ্গে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত রয়েছেন। অন্যদিকে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানিয়েছেন, তিনি শান্তকে সরাসরি চেনেন না, তবে হয়তো তিনি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঙ্গেই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন।

শেয়ার করুন