অক্টোবরের প্রথম সাত দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে। মাসিক পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাসে চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন।
বুলেটিনের তথ্যমতে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৯৪ হাজার ১৫১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৭ জন, যা নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ২০৮ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭৯০ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়েছেন।





