রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল করে তোলার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা দূর করাই ছিল এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান এবং ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় রাজধানীর পরিবহন খাতের আমূল সংস্কার ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।





