জিদানের কোচিংয়ে প্রথম হোম ম্যাচের সব টিকিট শেষ একদিনে

প্রকাশ:

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের ঘরের মাঠের প্রথম ম্যাচটিকে ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে দেখা দিয়েছে অবিশ্বাস্য উন্মাদনা। আগামী ২রা অক্টোবর উয়েফা ন্যাশনস লীগের গ্রুপ পর্বে স্তাদে দে ফ্রান্সে ইতালি মুখোমুখি হবে ফ্রান্সের। এই ঐতিহাসিক ম্যাচটির টিকিট বিক্রির ঘোষণা আসার পর মাত্র একদিনের মধ্যেই ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ম্যাচটির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ক্যাটাগরি অনুযায়ী ৩৫ থেকে ১৭৫ ইউরোর মধ্যে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার থেকে ২৫ হাজার টাকার সমান। এর মধ্যে ক্যাটাগরি ৬-এর টিকিট ৩৫ ইউরো, ক্যাটাগরি ৫-এর জন্য ৫৫ ইউরো, ক্যাটাগরি ৪-এর জন্য ৭৫ ইউরো, ক্যাটাগরি ৩-এর জন্য ৯৫ ইউরো, ক্যাটাগরি ২-এর জন্য ১২৫ ইউরো, ক্যাটাগরি ১-এর জন্য ১৪৫ ইউরো এবং সর্বোচ্চ গোল্ড ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ১৭৫ ইউরো।

দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের অধ্যায়ের পর ফরাসি ডাগআউটে শুরু হচ্ছে জিদান যুগ। সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হলেও ঘরের মাঠে ইতালির বিপক্ষে ম্যাচটি জিদানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে এই স্তাদে দে ফ্রান্সে জোড়া গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এছাড়া ইতালির বিপক্ষে ম্যাচটি ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের স্মৃতিও মনে করিয়ে দেয়, যেখানে মার্কো মাতেরাজ্জিকে হেড করার ঘটনার মধ্য দিয়ে ক্যারিয়ারের ইতি টেনেছিলেন জিদান।

জিদান নতুন এই দায়িত্ব নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে বলেন, সেপ্টেম্বরে তারা ৪টি ম্যাচ খেলবেন এবং খেলোয়াড়দের সঙ্গে ৩ সপ্তাহ সময় কাটানোর সুযোগ পাবেন, যা নজিরবিহীন। তিনি ফরাসি দলকে বিজয়ী রাখার সব ধরনের প্রচেষ্টার কথা জানিয়েছেন। ঘরের মাঠে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই টিকিটের এই হাহাকার প্রমাণ করে যে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিকে ডাগআউটে দেখার জন্য দর্শকরা কতটা মুখিয়ে আছেন।

শেয়ার করুন