জাপানের কুমামোতো অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশটির সাবেক গ্র্যাভিউর আইডল ও প্রাপ্তবয়স্ক ভিডিও (এভি) অভিনেত্রী ইউ তানো। ২২ বছর বয়সী এই তারকা সম্প্রতি ৩০ লাখ ইয়েন, যা প্রায় ২৪ হাজার মার্কিন ডলারের সমান, অনুদান দিয়েছেন। তবে তার এই মানবিক উদ্যোগকে ঘিরে অনলাইনে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে, যেখানে কেউ কেউ তার দান করা অর্থকে 'নোংরা টাকা' বলে কটাক্ষ করেছেন। এসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন ইউ তানো।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউ তানো কুমামোতো অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান। তিনি হিরোশিমা প্রিফেকচারের এক বন্ধুর সঙ্গে মিলে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণসামগ্রীও পাঠিয়েছেন। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল পানীয়, স্পোর্টস ড্রিংকের পাউডার, স্যানিটারি পণ্য এবং ডায়াপার। পাশাপাশি, তিনি জাপানিজ রেড ক্রসের মাধ্যমে নগদ ৩০ লাখ ইয়েন অনুদান দেন।
নিজের অনুদানের বিষয়ে তানো লিখেছেন, 'প্রতিবার খবর দেখি কিংবা সবার পোস্ট দেখি, আমার হৃদয় কষ্টে ভরে যায়।' তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানিয়েছেন। ইউ তানো আরও বলেন, 'আমি যা করতে পারি, তা সত্যিই খুব সামান্য। তবু অন্তত কিছুটা হলেও সাহায্য করতে চেয়েছি।'
তার এই উদ্যোগ ব্যাপক প্রশংসা পেলেও, একই সময়ে সমালোচনাও শুরু হয়। কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অভিযোগ করেন, শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যেই তিনি অনুদানের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। এর জবাবে নিজের উদ্দেশ্য ব্যাখ্যা করে তানো বলেন, 'সহায়তা শুধু আত্মতৃপ্তির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সহায়তার পরিধি আরও বাড়ুক- এই আশা থেকেই আমি বিষয়টি প্রকাশ করেছি।'
তবে পরবর্তীতে সমালোচনা আরও ব্যক্তিগত আক্রমণের দিকে মোড় নেয়। প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে তার কাজের প্রসঙ্গ টেনে কিছু ট্রল তার দানের অর্থকে 'নোংরা টাকা' বলে কটাক্ষ করতে শুরু করে। এ ধরনের মন্তব্যের জবাব দিতে দেরি করেননি ইউ তানো। তিনি দৃঢ়ভাবে বলেন, 'আমার পেশার কারণে সাহায্য করার অধিকার থেকে আমাকে বঞ্চিত করার কোনো কারণ নেই। দান তো দানই। আমি বিশ্বাস করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- সেই অর্থ যেন সত্যিই যাদের প্রয়োজন, তাদের কাছে পৌঁছায়।'





