যমুনায় ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধার, পালিয়ে গেলেন প্রেমিকা

প্রকাশ:

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েও প্রাণে বেঁচে গেছেন অনু গুপ্তা নামের এক যুবক। গত ১৬ জুলাই, বৃহস্পতিবার প্রয়াগরাজের নতুন যমুনা সেতুতে এই ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, ওইদিন তরুণ-তরুণীকে একসঙ্গে সেতুতে আসতে দেখা যায় এবং তাদের আচরণ দেখে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা আত্মহত্যার আশঙ্কা করেছিলেন।

সেতুতে থাকা অবস্থায় হঠাৎ করেই অনু গুপ্তা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী তাকে উদ্ধারের কোনো চেষ্টা না করে বা পুলিশকে কোনো খবর না দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ এবং স্থানীয় দক্ষ ডুবুরি দল সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রুদ্ধশ্বাস অভিযানের একপর্যায়ে অনু গুপ্তাকে জীবিত অবস্থায় নদী থেকে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ এবং আশঙ্কামুক্ত রয়েছেন। এই যুবকের আত্মহত্যার চেষ্টার কারণ এবং ঝাঁপ দেওয়ার পর তার প্রেমিকার পালিয়ে যাওয়ার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ওই তরুণীর সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে। তদন্ত শেষে স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

শেয়ার করুন