ভারতের মাটিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করার জন্য জোটের প্রতি আহ্বান জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
শি জিনপিং তার বক্তব্যে সদস্য দেশগুলোকে শান্তি রক্ষায় আরও বেশি সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন আঞ্চলিক সংঘাত ও উত্তেজনাপূর্ণ ইস্যু সমাধানে ব্রিকস দেশগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।
বিশ্বশান্তি বজায় রাখা এবং সংঘাত নিরসনে সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন চীনা প্রেসিডেন্ট। সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এই নীতিকে তিনি ব্রিকসের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।





