বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচির উদ্যোগ

প্রকাশ:

আসন্ন বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ব্যাপক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এবারের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ হিসেবে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, আন্তর্জাতিক মানের এই দিবসটি সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে। বাংলাদেশের ঐতিহ্য ও কৃষ্টি-কালচার বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। তিনি কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত দিবসটি উদযাপনের সমন্বিত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে দেশীয় পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে বেসরকারি খাতের অংশীজনদের সার্বিক সহযোগিতা ও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানগুলোতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রস্তুতকৃত বিশেষ টিভিসি প্রদর্শন করা হবে। এছাড়া বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে ‘লাইভ কুকিং শো’ ও রান্নার প্রতিযোগিতার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে বিশ্বমঞ্চে ব্র্যান্ডিং করতে ভূমিকা রাখবে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসি-সহ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন