নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান

প্রকাশ:

সুস্থ সমাজ গঠনে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) আয়োজিত ‘নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বুধবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা জানান, বর্তমানে অনেক ক্ষেত্রে সিস্ট, টিউমার বা ফেব্রোয়েডের মতো সমস্যায় আক্রান্ত কমবয়সী নারী রোগীদের জরায়ু অপসারণ না করেই উন্নত চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ নাজমুল হুদা। তিনি সিজারিয়ান সেকশনের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিকের ওপর আলোকপাত করার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপর রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচকরা বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ের ওপর বক্তব্য রাখেন। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন জাহান শাহীন জরায়ু সংক্রান্ত জটিলতা, অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির মানসিক স্বাস্থ্য এবং ফার্মাসিস্ট ও গবেষক সামিন ফারদীন সৌমিক অস্টিওপোরোসিস বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং একই সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

শেয়ার করুন