বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টার কিছুক্ষণ আগে একটি আকাশি রঙের মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসা হয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এই মামলায় সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হবে। এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তদন্ত কর্মকর্তার অনুসন্ধানে ইলিয়াস আলী গুমের ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়ার পরিপ্রেক্ষিতে এই পরোয়ানা জারি করা হয়েছিল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তিনি সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।





